দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়। এসময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন।
অভিযান সূত্রে জানা যায়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ লঙ্ঘনের দায়ে মতিউর স্টোরের মালিক মতিউর রহমানকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় বিসমিল্লাহ ফল ঘরের মালিক আব্দুল ওয়াহেদকে ৩ হাজার টাকা এবং একই আইনের ৩৭ ধারায় মেসার্স মিণ্টু স্টোরের মালিক মিণ্টু মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এসময় সংশ্লিষ্টদের আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
প্রতিবেদক কার্পাসডাঙ্গা