মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন আলমডাঙ্গা সরকারি কলেজের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক ও স্বয়ম্ভর ক্রীড়া কুঠিরের প্রশিক্ষক সাঈদ মোহাম্মদ হিরণ। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ব্ল্যাক বেল্ট পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, সাধনা ও অধ্যবসায়ের মাধ্যমে এ সাফল্য অর্জন করেন সাঈদ মোহাম্মদ হিরণ। তাঁর এ অর্জনে আলমডাঙ্গা তথা চুয়াডাঙ্গা জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। জেলার ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাঈদ মোহাম্মদ হিরণ দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি জেলা ক্রীড়া সংস্থার কোচ ও ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্বয়ম্ভর ক্রীড়া কুঠির এবং আলমডাঙ্গা ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠাতা হিসেবে ক্রীড়াক্ষেত্রে ভূমিকা রাখছেন।
ক্রীড়াক্ষেত্রে তাঁর অর্জনের ঝুলিতে রয়েছে আরও সাফল্য। তিনি পঞ্চম বাংলাদেশ অলিম্পিক গেমসে বক্সিংয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন। শিক্ষকতা ও ক্রীড়া প্রশিক্ষণের পাশাপাশি খেলাধুলায় তাঁর এ সাফল্য নতুন করে আলোচনায় এসেছে। সাঈদ মোহাম্মদ হিরণের ব্ল্যাক বেল্ট অর্জনে আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর ভবিষ্যৎ ক্রীড়া জীবনের আরও সাফল্য কামনা করেছেন।
আলমডাঙ্গা অফিস