শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলায় সনাতন ধর্মাবলম্বী ১২০ জন নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে বরাদ্দ করা এসব শাড়ি উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের নারীদের হাতে তুলে দেওয়া হয়। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশের প্রতিটি নির্বাচনী আসনে ৩০০টি করে শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের ১২০ নারীর মাঝে এসব শাড়ি বিতরণ করা হচ্ছে। এ উপহার হয়ত সবার চাহিদা পূরণ করতে পারবে না, তবে এটি মানুষের পাশে থাকার সরকারের আন্তরিক প্রচেষ্টা।
তিনি আরও বলেন, ‘ধর্ম আলাদা হলেও আমরা সবাই একই দেশের নাগরিক। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মধ্যদিয়ে আমাদের একসঙ্গে বসবাস করতে হবে। কোনো দুষ্কৃতিকারী যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একে অপরের ধর্ম ও মতের প্রতি শ্রদ্ধাশীল থেকে ভালো কাজের মাধ্যমে সমাজ ও দেশকে এগিয়ে নিতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক