মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গরু বোঝাই লাটাহাম্বার উল্টে খাদে

দুই গরুসহ ব্যবসায়ী নিহত, আহত ২
  • আপলোড তারিখঃ ২০-১০-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় গরু বোঝাই লাটাহাম্বার উল্টে খাদে

চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকার মুন্নার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই একটি লাটাহাম্বার রাস্তার পাশের খাদে উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুটি গরুও মারা গেছে। আহত হয়েছেন গাড়িতে থাকা দুই চালক। গতকাল সোমবার ভোরে বিএডিসি গুদামের সামনে মুন্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যবসায়ীর নাম হেলাল (৪০)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজ পাড়া গ্রামের বাসিন্দা নয়া মিয়ার ছেলে। আলমডাঙ্গার হাটে বিক্রির জন্য গরু নিয়ে যাচ্ছিলেন তিনি। আহত দুই চালক হলেন- কুষ্টিয়ার উজানগ্রাম ইউনিয়নের করিমপুর গ্রামের স্বপ্ন এবং একই ইউনিয়নের বিত্তিপাড়া গ্রামের আরিফুল।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গরুবোঝাই লাটাহাম্বারটি চুয়াডাঙ্গা শহরের মুন্নার মোড়ে বিএডিসি গুদামের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় গাড়িটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী হেলাল ও দুটি গরু মারা যায়। গাড়িতে থাকা অপর দুই চালক আহত হন।


দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। আহত দুই চালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, নিহত ব্যবসায়ীর সঙ্গে থাকা কাগজপত্র তল্লাশি করে নগদ ৮৩ হাজার ৩৪৫ টাকা, একটি মুঠোফোন ও গরুর চালান উদ্ধার করা হয়েছে। তাঁর মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনে বক্তব্য দিতে রাজি হননি। তিনি বলেন, ‘আপনি থানায় আসুন, এককাপ চা খান, তারপর বক্তব্য দিই।’



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ভোজনরসিকদের মিলনমেলা