ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে ‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে র্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্যদিয়ে দিনব্যাপী এ সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচির শুরুতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. নজরুল কবীর এবং মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপাচার্যের পিএস ড. মো. তারিক আজিজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না, আগে থেকেই সতর্ক থাকতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। তারা আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান- সব পর্যায়ে সম্মিলিতভাবে কাজ করা জরুরি। নিজেদের চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। এভাবেই ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি পরিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া এ উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা আরও বাড়বে।
প্রতিবেদক মেহেরপুর