মরমি সাধক ও বাউল সম্রাট লালন সাঁইজির তিরোধান দিবস জাতীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।
সভায় জানানো হয়, লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে আগামী ১৬ অক্টোবর সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। পরদিন ১৭ অক্টোবর চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে লালন সাঁইজির স্মরণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, বাউল সম্রাট লালন সাঁইজি বাংলার লোকসংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রতীক। তাঁর জীবনদর্শন, গান ও মানবতাবাদী বাণী নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা আমাদের দায়িত্ব। জাতীয় পর্যায়ে লালন সাঁইজির তিরোধান দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপনের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ ও ১৭ অক্টোবরের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানে সর্বস্তরের সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে উজ্জীবিত করার লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও লালন সাঁইজির মতো মনীষীদের গুরুত্বের সঙ্গে দেখছেন। জাতীয়ভাবে লালন সাঁইজির তিরোধান দিবস উদ্যাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গার সব বাউল ও সুফি সাধকদেরও এ আয়োজনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিক উজ জামান, সহকারী কমিশনার এস.এম. আব্দুর রউফ শিবলু, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, জেলা জেসাসের সভাপতি শহিদুল হক বিশ^াস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, কণ্ঠশিল্পী হিরন উর রশিদ শান্ত, নুসরাত জাহান করবীসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক