বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসার উপহার। ব্যতিক্রমী এ আয়োজনে শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মানে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষকরা। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টা থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ ও বিএনসিসি প্লাটুনের সদস্যদের উদ্যোগে এ আয়োজন শুরু হয়। কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পৃথকভাবে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভাগীয় প্রধানদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিবাদন জানানো হয়।
এসময় শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ, উপাধ্যক্ষ ফারজানা কেতকী, শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে শিক্ষকদের হাতে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ বলেন, ‘শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষ গড়ার মহান দায়িত্ব। শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মান একজন শিক্ষকের জন্য বড় প্রাপ্তি। তোমাদের এই আয়োজন আমাদের আনন্দিত করেছে।’
তিনি আরও বলেন, ‘একজন শিক্ষার্থীর মধ্যে থাকা প্রতিভাগুলোকে জাগিয়ে তুলে নিজেকে দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে শিক্ষার্থীরা গড়ে উঠবে- এটাই আমাদের প্রত্যাশা। আমরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করি। তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে সবসময় দোয়া ও ভালোবাসা থাকবে।’
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার রোকনুজ্জামান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. মুন্সি আবু সাইফ, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান, ড. আব্দুর রশিদ, আজিম হোসেন, মাহমুদুল হক, আবু ইয়াজিদ, মারুফা ইয়াছমিন, রুমা খাতুন, সুলতানা মাহমুদ, শাহিন হোসেন, রেণ্টু আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মধ্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সাকিব বিশ্বাস, জান্নাতুল মাওয়া জোয়ার্দ্দার, বিএনসিসি প্লাটুনের সিইউও রব্বিন হোসেন, সবুজ আলী, রাজ আহমেদ, জুঁই, তাসফিয়া, মালেক জিহাদী, প্রীতি, জয়ন্তী রানীসহ রোভার স্কাউটস, বিএনসিসি ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক