রবিবার, ২৮ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মা মনি জুয়েলার্সে চুরি

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২৬ ইং
দর্শনায় মা মনি জুয়েলার্সে চুরি

দর্শনায় দিনের আলোয় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দর্শনা রেলবাজারের মা মনি জুয়েলার্সে ক্রেতা সেজে আসা চার নারী কৌশলে লক্ষাধিক টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন চুরি করে পালিয়ে গেছে। এ ঘটনায় জুয়েলার্সের মালিক দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বেলা ১১টার দিকে দর্শনা রেলবাজার বটতলা এলাকার হাসেম প্লাজা মার্কেটের নিচতলায় অবস্থিত মা মনি জুয়েলার্সে বোরকা পরিহিত চার নারী ক্রেতা পরিচয়ে প্রবেশ করেন। তারা নাকফুল, আংটি, চেইনসহ বিভিন্ন ধরনের স্বর্ণালংকার দেখতে চান। দোকান মালিক শফিকুল ইসলাম একের পর এক অলংকার দেখাতে ব্যস্ত থাকাকালে চার নারীর মধ্যে একজন কৌশলে একটি ৯ আনা ওজনের স্বর্ণের চেইন নিজের পোশাকের ভেতরে লুকিয়ে ফেলেন। অপর সদস্যরা বিভিন্ন অলংকার দেখার নামে দোকানদারকে ব্যস্ত রাখেন।


প্রায় ৪০ মিনিট ধরে বিভিন্ন অলংকার দেখার পর চার নারী জানান, তাদের কোনো অলংকার পছন্দ হয়নি, পরে আবার আসবেন। এ কথা বলে তারা দোকান থেকে বেরিয়ে দ্রুত একটি ভ্যানে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর দোকানদার অলংকারগুলো যথাস্থানে রাখতে গিয়ে একটি ৯ আনা ওজনের স্বর্ণের চেন খুঁজে না পেয়ে হতবাক হয়ে যান। পরে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক নারী অত্যন্ত কৌশলে চেইনটি চুরি করেছেন।


ঘটনার পরপরই দোকান মালিক আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও অভিযুক্তদের আর সন্ধান পাওয়া যায়নি। পরে তিনি দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


মা মনি জুয়েলার্সের মালিক শফিকুল ইসলাম বলেন, “তারা খুবই পরিকল্পিতভাবে দোকানে আসে। একজন আমাকে নানা ধরনের গয়না দেখাতে ব্যস্ত রাখে, আরেকজন সুযোগ বুঝে চেইনটি নিয়ে নেয়। সিসিটিভি ফুটেজ না দেখলে বিষয়টি বোঝাই যেত না।”


এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্তের কাজ চলছে। চুরি হওয়া স্বর্ণের চেইন উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একটি দল কাজ করছে।”



কমেন্ট বক্স
notebook

জীবননগরে রাস্তার কাজে ‘চাঁদা দাবি’ ও সাংবাদিকদের লাঞ্ছিত