চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন সংগঠনের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। সভার শুরুতে মাথাভাঙ্গা নদীকে নতুন করে তার প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি পালন, নদীটির আগের রূপে নিয়ে আসার জন্য বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় সংগঠনটির আগামী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তে উঠে আসেÑআগামী ৪ জুলাই শনিবার মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হবে।
সভায় মাথাভাঙ্গা নদীর নাব্যতা সংকট দূরীকরণ, দখল-দূষণ রোধ, মাথাভাঙ্গার শাখা নদীসমূহের উৎসমুখসমূহের বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণসহ অবাধ পানিপ্রবাহের গতিধারা কীভাবে অব্যাহত রাখা যায়Ñসে সকল বিষয়কে প্রাধান্য দিয়ে এই সভা আগামীতে অনুষ্ঠিত হবে।
সভায় সংগঠনটির আহ্বায়ক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নদী বাঁচলে আমরা বাঁচব। এটি কোনো ব্যক্তির একার লড়াই নয়, এটি চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষের অস্তিত্বের লড়াই। চুয়াডাঙ্গা জেলার সব সামাজিক ও সাংস্কৃতিক, পেশাজীবী এবং রাজনৈতিক সংগঠনকে সাথে নিয়ে একটি সভার আয়োজন করা হবে। মাথাভাঙ্গা নদী তার পূর্বের জৌলুস ও রূপ ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের এই বিভিন্ন কর্মসূচি সচল থাকবে। দল-মত নির্বিশেষে আমরা সবাই একসঙ্গে আওয়াজ তুলতে চাই, কথা হলো একটাইÑমাথাভাঙ্গা নদী বাঁচাতে চাই।
সভায় উপস্থিত ছিলেনÑসংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম সনি, হাবিবি জহির রায়হান, জামান আখতার, কামরুজ্জামান সেলিম, জিসান আহমেদ, শামসুজ্জোহা রানা, শেখ লিটন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য নাজমুল হক স্বপন, রাজীব হাসান কচি, মানিক আকবর ও বিপুল আশরাফ।
সভা শেষে মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্যসচিব নির্বাচিত করা হয় হেমন্ত কুমার সিংহ রায়কে।
নিজস্ব প্রতিবেদক