দামুড়হুদা উপজেলার জয়রামপুর যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বিভিন্ন স্লোগানের তালে তালে মিছিলটি স্কুল বটতলা থেকে শুরু হয়ে ঘুরে পুনরায় স্কুল বটতলায় এসে শেষ। পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, ‘মাদককে না বলি, মাদক থেকে দূরে থাকি, মাদককে রুখে দিই’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলার জয়রামপুর স্কুল বটতলা যুবসমাজের উদ্যোগে প্রথমে মাদক বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। তিনি বলেন, ‘আজ আমরা এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি- মাদকমুক্ত সমাজ গড়ার শপথ নিতে। মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের পথে ঠেলে দেয়। এটি আমাদের তরুণ প্রজন্মের স্বপ্নকে চূর্ণ-বিচূর্ণ করে, স্বাস্থ্য ও নৈতিকতাকে বিপন্ন করে। মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা আমাদের নৈতিক দায়িত্ব। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাদকের ছোবল থেকে রক্ষা পায়। আসুন, সবাই একসাথে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ি।’
এতে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা এনসিপির আহ্বায়ক গোলাম সরোয়ার ছোটন, হাউলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক সামু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবুসহ স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষ।
প্রতিবেদক দামুড়হুদা