চুয়াডাঙ্গা শহরে ভাড়া নেওয়া একটি ব্যাটারিচালিত ইজিবাইক বিক্রির অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন শুভ কুমার দেবনাথ ওরফে শুভ কুমার দাস (২৭)। তিনি চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়া এলাকার সুশান্ত দেবনাথ ওরফে সুশান্ত কুমার দাসের ছেলে। বর্তমানে তিনি দৌলতদিয়াড় (কোরিয়া পাড়া) এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুন সকালে দৌলতদিয়াড় এলাকার নয়-শাপলা ইজিবাইক চার্জিং গ্যারেজের সামনে থেকে একদিনের জন্য ৫০০ টাকা ভাড়ায় একটি লাল রঙের ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া নেন শুভ কুমার। চুক্তি অনুযায়ী দিন শেষে ভাড়া পরিশোধ করে ইজিবাইকটি ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি তা ফেরত দেননি। পরবর্তীতে মালিক মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করে বারবার কেটে দেন বলে অভিযোগ রয়েছে।
পরে গত ১৯ জুন রাতে পৌর ভবনের পেছনে শুভ কুমারকে দেখতে পেয়ে ইজিবাইকের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। অভিযোগ রয়েছে, অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ইজিবাইকটি বিক্রি করে বিক্রি করে দেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর ইজিবাইকের মালিক চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আকরাম খান জানান, বিশেষ অভিযান পরিচালনা করে গত ২০ জুন সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার পেছন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ কুমার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় অভিযুক্ত থাকার তথ্য রয়েছে।
নিজস্ব প্রতিবেদক