‘সবুজ হোক পরিবেশ, নিরাপদ হোক আগামী প্রজন্ম’- এই প্রতিপাদ্যে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমিরদিয়া পুটি মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আওসাফ আবির। গতকাল সোমবার এ কর্মসূচির মাধ্যমে তাঁর ঘোষিত ২০ হাজার গাছের চারা রোপণের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।
এসময় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন আওসাফ আবির। এসময় তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করা প্রয়োজন। আজকের এই ২০ হাজার চারা রোপণের উদ্যোগ আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই পরিবেশ রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে শিক্ষার্থীদের নিয়মিত গাছের পরিচর্যার আহ্বান জানান। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, গাছ রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে সহায়ক হবে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করে বলেন, এই ধারাবাহিক সবুজায়ন কার্যক্রমের মাধ্যমে এলাকায় পরিবেশ সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আসবে এবং নতুন প্রজন্মের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে। আয়োজকরা জানায়, ২০ হাজার চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ কার্যক্রম পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসাধারণের মধ্যে সম্প্রসারিত করা হবে।
নিজস্ব প্রতিবেদক