বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর খয়েরহুদায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ

ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ২২-০৪-২০২৬ ইং
জীবননগর খয়েরহুদায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ

জীবননগর উপজেলায় একটি অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে জীবননগর উপজেলার খয়েরহুদা উত্তরপাড়া মাঠে কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বেচাদহ গ্রামের মিন্না বেপারীর ছেলে আব্দুর রহমানকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(গ) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগর দে।


অভিযানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, পরিদর্শক মো. নাইম হোসেনসহ পুলিশ সদস্যরা। অভিযান সূত্রে জানা যায়, কারখানাটির কোনো ধরনের পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছিল না। এছাড়া সেখানে কোনো বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা ছিল না। ফলে কারখানাটি থেকে ভয়াবহ পরিবেশ দূষণ, বায়ু দূষণ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছিল। অভিযানের সময় কারখানার ভেতরে ব্যাটারির বিষাক্ত রাসায়নিক পদার্থ পুড়িয়ে ও গলিয়ে সীসা উৎপাদনের কার্যক্রম চলতে দেখা যায়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক মো. আব্দুর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি কারখানার সকল রাসায়নিক উপকরণ জব্দ করে বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডের কারণে এলাকায় স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছিল। তারা এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।=



কমেন্ট বক্স