শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক লুৎফুন নাহার

বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়
  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক লুৎফুন নাহার

চুয়াডাঙ্গায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে ডিসি সাহিত্য মঞ্চে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় শুরু থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। উদ্বোধনী অনুষ্ঠানে নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম কবীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম তারিক উজ জামান।


এবারের মেলায় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর নানা প্রকল্প উপস্থাপন করছে। পরিবেশবান্ধব জ্বালানি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং রোবোটিক্সভিত্তিক প্রজেক্টগুলো দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে। মেলার অন্যতম আকর্ষণ হিসেবে আয়োজন করা হয়েছে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান যাচাইয়ের সুযোগ পাচ্ছে। আয়োজকদের মতে, এ আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘বিজ্ঞান মেলা আমাদের নতুন কিছু করার অনুপ্রেরণা দেয়। অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে নিজের মেধা যাচাইয়ের সুযোগ পাওয়া যায়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলে।’


উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখে তিনি আনন্দিত। তিনি বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। তবে বিজ্ঞানকে অবশ্যই ইতিবাচক কাজে ব্যবহার করতে হবে।’ আয়োজকরা জানিয়েছেন, মেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার ও নয়ন কুমার রাজবংশীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স