দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মাটি ভর্তি ৬টি ট্রলিসহ ট্র্যাক্টর আটকের ঘটনায় চিহ্নিত ভূমিদস্যু বকুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দামুড়হুদা মডেল থানা-পুলিশ| গত বৃহস্পতিবার রাতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন এসআই মাসুদুর রহমান| বকুল দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের দৌলৎ ট্যাংরার ছেলে|
মামলা সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গাসহ আশপাশের এলাকায় চাষযোগ্য জমির টপ সয়েল ভেকু দিয়ে কেটে ইটের ভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল উপজেলার চিহ্নিত ভূমিদস্যু বকুল (৪৫)-সহ ৫/৭ জন| গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ রাত্রিকালীন ডিউটি করা অবস্থায় জানতে পারে দর্শনা অভিমুখ থেকে ৬টি অবৈধ মাটি ভর্তি ট্র্যাক্টর কার্পাসডাঙ্গার অভিমুখে আসছে| এমন খবরে পুলিশ কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে অবৈধ মাটি ভর্তি ট্রাক্টরগুলো ফেলে রেখে পালিয়ে যায় বকুলসহ অজ্ঞাতনামা আসামিরা| এসময় মাটি ভর্তি অবৈধ ট্রাক্টরগুলো জব্দ করে হেফাজতে নেয় পুলিশ| ওইদিনগত রাতেই কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদুর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় বকুলের নাম উল্লেখ করে ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে বালু, মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় মামলা দায়ের করেন|
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে|
প্রতিবেদক কার্পাসডাঙ্গা