পহেলা বৈশাখ পার হলেও দর্শনা সরকারি কলেজ চত্বরে এখনও ময়লা-আবর্জনার স্তূপ ও ঝোপঝাড় পরিষ্কার হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। কলেজের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা দেখে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে কোনো পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়নি। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম শাহ আলম জানান, কলেজ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য দর্শনা পৌরসভাকে বছরে ১৫ লাখ টাকা প্রদান করা হয়। তবে পৌরসভার পক্ষ থেকে নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না।
অন্যদিকে, দর্শনা পৌরসভার প্রকৌশলী সাজেদুল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পরে বিষয়টি দেখার আশ্বাস দেন তিনি। পৌরসভার এক কর্মকর্তা আরেফিন হোসেন জানান, কলেজ কর্তৃপক্ষ নিয়মিত অর্থ পরিশোধ করে না। কোনো বছর ১ লাখ, আবার কোনো বছর ২ লাখ টাকা প্রদান করা হয়। এ সময় পরিচ্ছন্নতার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
এদিকে কলেজ কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার কার্যক্রম শুরু করেছে এবং নির্দিষ্ট স্থানে আবর্জনা জমা করছে। তবে সেগুলো অপসারণ করছে না পৌরসভা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, দ্রুত কলেজ চত্বর পরিষ্কার না করলে পরিবেশ ও শিক্ষার পরিবেশ ব্যাহত হবে। এ বিষয়ে ছাত্রনেতাদেরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
দর্শনা অফিস