চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক হৃদয় হোসেন নামের এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে জেলা শহরের হকপাড়ায় অভিযান চালিয়ে ২ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জেলা প্রশাসনের এনডিসি মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। সাজাপ্রাপ্ত হৃদয় হোসেন (২৭) চুয়াডাঙ্গা হকপাড়ার মুনসুর আলীর ছেলে।
জানা গেছে, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসেরের নেতৃত্বে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গত মঙ্গলবার রাতে জেলা শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালান। অভিযানকালে হকপাড়ার হৃদয় হোসেনকে ২ পুড়িয়া গাঁজাসহ নিজ এলাকা থেকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের এনডিসি মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। রাতেই হৃদয় হোসেনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। সদর থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
নিজস্ব প্রতিবেদক