চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে অবৈধভাবে ডিজেল মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ইউপি সদস্যকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত আমিরপুর গ্রামের (মোমিনপুর ইউনিয়ন পরিষদের) ইউপি সদস্য শাহিনুর ইসলামের নিজ বাসভবন প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে সদর থানা পুলিশের উপস্থিতিতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ইউপি সদস্য শাহিনুর ইসলাম তার বাড়িতে ৫ ব্যারেল (১ হাজার লিটার) ডিজেল অবৈধভাবে মজুত করে অধিক মূল্যে বিক্রির বিষয়টি স্বীকার করেন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জব্দকৃত ৫ ব্যারেল ডিজেল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে এই জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বলেন, ইউপি সদস্যের বাড়িতে লুকিয়ে রাখা ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় স্থানীয় কিছু ব্যক্তি বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
নিজস্ব প্রতিবেদক