শুক্রবার, ১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিশ্চন্দ্রপুর-কুড়ুলগাছি সড়কের কাজ বন্ধ রেখে ঠিকাদার উধাও

ইটের খোয়া ও আর ধুলোই দুর্ভোগে হাজারো মানুষ
  • আপলোড তারিখঃ ১৪-০৪-২০২৬ ইং
হরিশ্চন্দ্রপুর-কুড়ুলগাছি সড়কের কাজ বন্ধ রেখে ঠিকাদার উধাও

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর-কুড়ুলগাছি সড়কটি এখন সাধারণ মানুষের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। সংস্কারের নামে দীর্ঘ দুই মাস আগে রাস্তার পিচ তুলে ফেলা হলেও রহস্যজনক কারণে কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। ফলে ধুলোবালি আর ভাঙাচোরা পথে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ।


স্থানীয় সূত্রে জানা গেছে, হরিশ্চন্দ্রপুর থেকে কুড়ুলগাছি পর্যন্ত সংযোগ সড়কটি সংস্কারের দায়িত্ব পান ঠিকাদার ওয়াহেদ। কার্যাদেশ পাওয়ার পর প্রায় দুই মাস আগে ট্রাক্টর দিয়ে রাস্তার পুরোনো পিচ ও কার্পেটিং তুলে ফেলা হয়। এরপর নামমাত্র রোলার দিয়ে সমান্তরাল করে কাজ বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে রাস্তার উপরিভাগ কেবল ইটের খোয়া আর আলগা ধুলোয় ঢাকা।


সরেজমিনে দেখা যায়, সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক এবং রোগীবাহী যানবাহন চলাচল করে। রাস্তার বেহাল দশার কারণে ছোটখাটো যানবাহন প্রায়ই খোয়ার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাচ্ছে। সামান্য বাতাস বা যানবাহন চললেই প্রচুর ধুলো উড়ছে, যা পথচারীদের শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া রাস্তার পাশে সৌন্দর্য্য বাড়ানোর জন্য পুতে রাখা পিলারগুলো উল্টে এদিক-সেদিক পড়ে রয়েছে।


এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি এক অদ্ভুত অজুহাত দেখান। তিনি জানান, ইরান-আমেরিকা যুদ্ধের কারণে বর্তমানে তেল পাওয়া যাচ্ছে না এবং বিটুমিনের দাম অনেক বেড়ে গেছে। এ কারণেই রাস্তাটির কাজ করতে দেরি হচ্ছে। যুদ্ধবিরতি হলে তারা কাজ পুনরায় শুরু করে শেষ করবেন।


তবে ঠিকাদারের এমন যুক্তিতে সন্তুষ্ট নয় ভুক্তভোগী এলাকাবাসী। তাদের অভিযোগ, ঠিকাদার ওয়াহেদ কাজ শুরু করেও কোনো এক অজানা কারণে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রেখেছেন। বারবার তাগাদা দিলেও কাজের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। জনমনে এখন একটাই প্রশ্ন- ‘আর কতদিন এই দুর্ভোগ সইতে হবে?’


রাস্তাটি দ্রুত কার্পেটিং শেষ করে যাতায়াতের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন কুড়ুলগাছি ইউনিয়নের সাধারণ মানুষ। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।



কমেন্ট বক্স
notebook

শৈলকূপার এক প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে গাল টেনে ছিঁড়ে দেওয়ার হুমকি