দামুড়হুদা উপজেলার গোপালপুর-ইব্রাহীমপুর এলাকায় নির্মাণাধীন সড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৪ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম। গতকাল সোমবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি এই রায় দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপালপুর-ইব্রাহিমপুর এলাকায় নির্মাণাধীন সড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম। অভিযোগের সত্যতা পাওয়ায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১৩ (২০২৩ সংশোধিত)-এর সংশ্লিষ্ট ধারায় নতিপোতা গ্রামের আছির উদ্দিনের ছেলে সাজিবুল হক, ছমিরুদ্দিনের ছেলে সোহেল রানা, আকবর আলীর ছেলে খাইরুল ইসলাম এবং কুলবিলা গ্রামের নওশের আলীর ছেলে আবুল কাশেমকে দোষী সাব্যস্ত করা হয়। প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক দামুড়হুদা