বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় ভিমরুল্লাহ মহল্লায় মহিলা দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক লাল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে যিনি বারবার নির্যাতনের শিকার হয়েছেন। আমরা আজ তার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছি।’ তিনি আরও বলেন, বেগম জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার মুক্তি ও সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার যত বাধা দিক, জনগণ তার প্রতি ভালোবাসায় অটুট।
রিনা বলেন, আমাদের নেত্রী কঠিন সময়েও দেশের মানুষের কথা ভেবেছেন। আমরাও নেত্রীর আদর্শে সংগঠিত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও সোচ্চার হব। তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান। জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ টনিকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাসান কাকন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম হ্যাপি, সুমন রহমান, শাহানাজ, শাহারুসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
সমীকরণ প্রতিবেদন