আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের স্বামীর মোটরসাইকেলের পিছন থেকে পড়ে গিয়ে বিউটি খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নে চিৎলার মাঠে এ দুর্ঘটনা ঘটে। বিউটি খাতুন দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ভগিরতপুর গ্রামের পুরাতন পাড়ার বাসিন্দা মোস্তাফিজুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে বিউটি খাতুন স্বামী মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে আলমডাঙ্গার দুর্লভপুর গ্রামের উদ্দেশে রওনা হন। চিৎলার মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের পিছন থেকে পড়ে তিনি গুরুতর মাথায় আঘাত পান। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্বামী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা মরা বাড়িতে যাচ্ছিলাম মোটরসাইকেলে। চিৎলা এলাকায় হঠাৎ আমার স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে যায়। হাসপাতালে নিলে ডাক্তাররা জানান, সে বেঁচে নেই।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, বিউটি খাতুনকে অচেতন অবস্থায় আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেছে। পরে ইসিজি করে নিশ্চিত হই তিনি মারা গেছেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়। পরে সুরতহাল শেষে অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।
নিজস্ব প্রতিবেদক