সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুন্সিগঞ্জ পানের হাটে প্রচারণাকালে জেলা বিএনপির সেক্রেটারি শরীফুজ্জামান

ধানের শীষে ভোট দিন, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করুন
  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২৫ ইং
মুন্সিগঞ্জ পানের হাটে প্রচারণাকালে জেলা বিএনপির সেক্রেটারি শরীফুজ্জামান

আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়নের মুন্সিগঞ্জ পানের হাটে (পশুহাটে) ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। গতকাল বুধবার সকাল সাড়ে সাতটায় মুন্সিগঞ্জ পানের হাটে উপস্থিত হন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। হঠাৎ প্রিয় নেতাকে কাছে পেয়ে এ অঞ্চলে পান চাষী ও ব্যবসায়ীরা উৎসাহী হয়ে ওঠেন। মো. শরীফুজ্জামান শরীফ হাটে ঘুরে ঘুরে ব্যবসায়ী ও পান চাষীদের সাথে কুশল বিনিময় ও বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

পান চাষী ও ব্যবসায়ীদের অনুরোধে সংক্ষিপ্ত বক্তব্যে ভিড়ের মাঝে দাঁড়িয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘পানের বরজ আমাদের চুয়াডাঙ্গার গৌরব, আর এই কৃষিই হলো আমাদের অর্থনীতির শক্তি। কিন্তু আপনারা বলুন, আজ কি সেই বরজের মালিক বা হাটের ব্যবসায়ীরা শান্তিতে আছেন? সারের দাম, বিদ্যুতের দাম বেড়েছে, কিন্তু পানের ন্যায্যমূল্য কি আপনারা পাচ্ছেন?’

তিনি জোর দিয়ে বলেন, ‘দেশের এই অর্থনৈতিক দুর্দশা কেন জানেন? কারণ, এক দল লুটেরা আর সিন্ডিকেট গোটা বাজার ব্যবস্থাকে নিজেদের হাতে জিম্মি করে ফেলেছে। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা দিয়েছেন। এই রূপরেখার অধীনে আমরা একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করব, যা এই সিন্ডিকেট ভেঙে দেবে।’

তিনি ঘোষণা করেন, ‘আমরা এমন ব্যবস্থা নিশ্চিত করব, যাতে পানের বরজ থেকে শুরু করে ধান-চালের বাজার পর্যন্ত সব জায়গায় কৃষকরা তাদের পণ্যের ন্যায্যমূল্য পান। ভিশন ২০৩০-এ আমাদের যে সুষম উন্নয়নের লক্ষ্য, তা এই হাটের প্রতিটি পানের বরজ মালিকের জীবনে প্রতিফলিত হবে।’ তিনি বলেন, ‘রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, মানুষের পাশে থাকা। তারেক রহমানের নির্দেশ হলো- তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ঘরে ঘরে ধানের শীষের ভিত্তি গড়ে তোলা।’

শরীফুজ্জামান শরীফ বলেন, ‘এই নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। ধানের শীষ হলো আপনাদের আশা, আস্থা ও পরিবর্তনের প্রতীক। চুয়াডাঙ্গার মানুষ আর ভয় পায় না, তারা এখন মুক্তি চায়। ধানের শীষে ভোট দিয়ে আপনারা সেই সিন্ডিকেট মুক্ত বাজার এবং ন্যায়বিচার নিশ্চিত করুন।’

গণসংযোগকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের সাথে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেহেলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদুজ্জাহ মিল্টন, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন খান আলা, খাদিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মির্জাক আলী, যুগ্ম সম্পাদক মহাসিন আলী, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল ও অঙ্গসযোগী সংগঠনের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত