চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল, ইয়াবা, ভারতীয় ভায়াগ্রা ও মদ। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত এসব মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মোল্লা ব্রিকসের সামনে পাকা রাস্তায় হাবিলদার মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের সাইদুর রহমানের ছেলে আবুল কালাম (৩০) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি বাটন মোবাইল ফোন ও একটি ভ্যানগাড়ি জব্দ করা হয়। আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে ভোর সাড়ে ৫টার দিকে খোশালপুর সীমান্তে হাবিলদার মো. গোলাম মাওলার নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে ধানক্ষেত থেকে আসামীবিহীন ১০০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই রাতে যাদবপুর সীমান্তে অভিযান চালিয়ে পারগোপালপুর মাঠ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৫১২ পিস ভারতীয় ভায়াগ্রা। এ অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. আ. মান্নান।
এরও আগে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কলা বাগানে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় মদ এবং ২৪০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার আছাদুর রহমান। একই রাতে রাত ১২টার দিকে রাজাপুর সীমান্তে হালদারপাড়া গ্রামের আম বাগানে হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৭১ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৫২০ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। রাত ১০টার দিকে কুসুমপুর সীমান্তের চাপাতলা গ্রামের সবজি বাগানে অভিযান চালিয়ে ৩৯৬ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার আবুল হাসান খান। রাত ১১টার দিকে শ্যামকুড় সীমান্তের গোরস্থানের পাশে হাবিলদার গোবিন্দ কুমার দেবনাথের নেতৃত্বে আরও একটি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৪৭০ পিস ভারতীয় ইয়াবা। এছাড়া, রাত সাড়ে ১০টার দিকে মেদিনীপুর সীমান্তে হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অপর একটি অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। রাত সাড়ে ১১টায় মাটিলা সীমান্তে লেবুতলা গ্রামের ড্রাগন বাগানে হাবিলদার মো. বকুল আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধার করা হয় ৭৫৭ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট।
সবগুলো অভিযানে সীমান্ত এলাকায় কড়া নজরদারির মাধ্যমে চোরাকারবারীদের ধরতে বিজিবি সদস্যরা সক্রিয় ছিলেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফেলে রেখে যায় মাদকদ্রব্য।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. ইমদাদুর রহমান বলেন, ‘মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে।’
সমীকরণ প্রতিবেদক