ভিডিও কনটেন্ট নির্মাতাদের জন্য দারুণ এক খবর দিয়েছে ইউটিউব। বিশ্বজুড়ে দর্শকদের আরও সহজে পৌঁছাতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মাল্টিল্যাঙ্গুয়েজ ডাবিং সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে নির্মাতারা নিজেদের তৈরি ভিডিও একাধিক ভাষায় অনুবাদ ও ডাব করতে পারবেন-তাও স্বয়ংক্রিয়ভাবে।
ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, গুগলের উন্নত এআই মডেল ‘জেমিনি’ ব্যবহার করে এই নতুন ফিচার চালু করা হয়েছে। শুধু ভাষান্তর নয়, ভিডিওর অডিওতে বক্তার আবেগ, ভঙ্গিমা ও স্বরধারণও বেশ নিখুঁতভাবে বজায় রাখতে পারছে এই প্রযুক্তি।
দর্শক ধরে রাখার ক্ষেত্রে নতুন এ সুবিধা ইতোমধ্যে ভালো ফল দিচ্ছে। পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে মাল্টিল্যাঙ্গুয়েজ থাম্বনেলও। এতে বিভিন্ন ভাষাভাষী দর্শকের জন্য আলাদা থাম্বনেল প্রদর্শন সম্ভব হবে। ফলে ভিডিও কনটেন্ট আরও প্রাসঙ্গিক ও আকর্ষণীয় হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এখন আর আলাদা ভাষাভিত্তিক চ্যানেল খোলার দরকার হবে না। একটি ভিডিও থেকেই বিশ্বের নানা প্রান্তের দর্শকের কাছে সহজে পৌঁছানো যাবে।
ইতোমধ্যে যারা বহু ভাষার ডাবিং ফিচার ব্যবহার করছেন, তাঁদের দর্শকসংখ্যা ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। মার্কিন জনপ্রিয় ইউটিউবার মার্ক রোবার তাঁর প্রতিটি ভিডিওতে প্রায় ৩০টি ভাষায় অডিও যুক্ত করছেন। এর ফলে সিউল থেকে সাও পাওলো—বিশ্বের নানা প্রান্তের দর্শক তাঁর ভিডিও উপভোগ করতে পারছেন মাতৃভাষায়।
বিশ্লেষকদের মতে, এআইনির্ভর এ উদ্যোগ ইউটিউবের লোকালাইজেশন প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করেছে। নির্মাতারা যেমন ভাষার সীমা ছাড়িয়ে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছাতে পারছেন, তেমনি দর্শকরাও নিজেদের ভাষায় কনটেন্ট উপভোগের সুযোগ পাচ্ছেন। সূত্র: ইন্ডিয়া টুডে
সমীকরণ প্রতিবেদন