চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন জুড়ে ধানের শীষের পক্ষে সরাসরি প্রচারণা চালিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত পর্যন্ত তিনি ইউনিয়নের হারদী বাজার, হাসপাতাল মোড়, হারদী ক্লাব মোড়, ওসমপুর ও পরাগপুর গ্রামের সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে টানা প্রচারণা চালান তিনি।
এসময় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও পথসভায় তিনি বলেন, ‘ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের এই লড়াই। দীর্ঘদিন ধরে দেশের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সাধারণ কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ প্রতিটি মানুষ আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও দুর্নীতির কারণে দিশেহারা। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে মানুষকে ধানের শীষে ভোট দিতে হবে।’
‘আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। কোনো প্রকার ভয়-ভীতি, জুলুম-নির্যাতন কিংবা অন্যায় প্রভাব যেন না থাকে। আমাদের লক্ষ্য হলো—একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে।’
তিনি আরও বলেন, ‘ধানের শীষের বিজয় মানে হলো মানুষের বিজয়, দেশের বিজয়। আমরা কারো সঙ্গে সংঘাত চাই না, বরং জনগণের সঙ্গে সম্প্রীতি চাই। আমাদের প্রতিটি নেতা-কর্মী সাধারণ মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করবে, তাদের পাশে দাঁড়াবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং দেশে একটি জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।’
এসময় তিনি বলেন, ‘আজ আমি হারদী ইউনিয়নের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হোন। আপনার একটি ভোটই পারে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে, আপনার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে।’
প্রচারণায় শরীফুজ্জামান শরীফের সঙ্গে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এহসানুল হক স্বরাজ, হারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল সালাম, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল সাত্তার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টগরসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
নিজস্ব প্রতিবেদক