ঝিনাইদহ জেলায় এবার ৪৫৫টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। গত বছরের তুলনায় এ সংখ্যা বেশি। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, সদর উপজেলায় ১০৯টি, কালীগঞ্জে ১০১টি, কোটচাঁদপুরে ৪৬টি, শৈলকুপায় ১২৫টি, হরিণাকুন্ডুতে ২৭টি ও মহেশপুর উপজেলায় ৪৭টি মণ্ডপে দুর্গাপূজা হবে।
প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুর রউফ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, এনএসআই কর্মকর্তা উত্তম কুমার কর, ডিজিএফআই কর্মকর্তা সারোয়ার হোসেন, মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের মৌসুমী সুলতানা তুলি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জামায়াত নেতা আব্দুল আলীম ও তাজুল ইসলাম, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা। এছাড়া হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি দীপঙ্কর ঘোষ, মিলন কুমার ঘোষ, প্রহ্লাদ সরকার, তপন কুমার, বিজন কুমার ঘোষ এবং ছাত্র প্রতিনিধি সাইদুর রহমানও বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি বাঙালির সার্বজনীন উৎসব। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে এ উৎসব উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখে ঝিনাইদহে দুর্গাপূজা উদযাপন করা হবে নিরাপত্তা, শৃঙ্খলা ও সৌহার্দ্যের আবহে।
সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ নজরদারি করবে। পাশাপাশি সব পূজামণ্ডপে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হবে।
ঝিনাইদহ অফিস