ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির কোনো শুনানি করা হয়নি। ফলে জমির মালিকরা জেলা প্রশাসকের দপ্তরে তাদের মতামত তুলে ধরতে পারেনি। এতে ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েন কয়েক হাজার জমির মালিক। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের মটর শ্রমিক মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে কালীগঞ্জ ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ওবায়দুল ইসলাম পাটোয়ারী, ফরিদ উদ্দিন মিয়া, জালাল উদ্দীন, আবু জাফর প্রমুখ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, যে জমির বর্তমান বাজারমূল্য প্রতি শতক ৫ লাখ টাকা, সেই জমির মূল্য দেওয়া হচ্ছে ১ হাজার ৮০০ টাকা। অনেক মৌজার জমি বাণিজ্যিক শ্রেণির হলেও তা ডোবা ও ডাঙ্গা শ্রেণিভুক্ত করা হয়েছে। জমি অধিগ্রহণে ৮ ধারা নোটিশ জারির আগে ৭ ধারা নোটিশ জারি করে জেলা প্রশাসন। কিন্তু ৭ ধারা নোটিশের পরে স্থানীয় জমির মালিকদের সঙ্গে সরকারের সমন্বয়ের কথা থাকলেও তা করা হয়নি। জমির মালিকদের সঙ্গে শুনানি না করেই জেলা প্রশাসন ৮ ধারা জারি করেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, কালীগঞ্জ উপজেলার বারবাজার থেকে ফুলবাড়ি পর্যন্ত ১৯ টি মৌজার প্রায় সাড়ে চার হাজার জমির মালিক প্রকৃত জমির মূল্য থেকে বঞ্চিত হয়েছেন। ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অধিগ্রহণকৃত জমির ৮ ধারা প্রত্যাহার, পুনরায় সার্ভে করে স্থাপনা ও জমির বর্তমান ন্যায্যমূল্য নির্ধারণের দাবি জানিয়ে বলেন তা নাহলে হরতাল, অবরোধ ও প্রয়োজনে আত্মাহুতি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জমির মালিকরা অভিযোগ করেন ঝিনাইদহের সাবেক জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ও ভারতে নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কারসাজিতে কালীগঞ্জের জমির মালিকরা আজ পথে বসেছেন। তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে প্রমাণ তুলে ধরেন পাশাপাশি জমি একজন জন পাচ্ছেন ৯ কোটি কিন্তু প্রভাব না থাকায় একই শ্রেণির জমির মালিক পাচ্ছেন মাত্র ৬০ লাখ টাকা। সাবেক এমপি আনারের জমির টাকা পাচ্ছে চার গুন বেশি, কিন্তু পাশে থাকা একই শ্রেণির জমির মালিক পাচ্ছেন কম টাকা।
ঝিনাইদহ অফিস