ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে পৃথক কর্মসূচি পালন করেছে জেলা বিএনপির দুই গ্রুপ। কর্মসূচি চলাকালীন বড় বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করলেও নেতা-কর্মীদের মধ্যে চরম টানাপড়েন দেখা দেয়।
গতকাল বুধবার বিকেলে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে একটি মিছিল সড়ক বিভাগের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাইফুল ইসলামসহ সিনিয়র নেতৃবৃন্দ।
অপর দিকে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন ও সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে কলেজ মোড়ে পৃথকভাবে সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। এই মিছিল শহরের বড় বাজার এলাকায় পৌঁছালে মাসুদ অরুনপন্থী কর্মীদের সঙ্গে মুখোমুখি অবস্থান নেয় এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে বড় ধরনের সংঘর্ষ এড়াতে সক্ষম হয়। তবে এ ঘটনার পর উভয় গ্রুপের মধ্যে দৃষ্টিকটুভাবে বিভক্তি এবং ক্ষোভ প্রকাশ পায়। জাবেদ মাসুদ মিল্টনের মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য লিটন, আলমগীর খান ছাতুসহ আরও অনেকে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিন ধরেই চলমান। আজকের কর্মসূচিতে সেই দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। এতে দলের ঐক্য ও আন্দোলনের ধারাবাহিকতা প্রশ্নের মুখে পড়ছে বলে মন্তব্য করছেন তারা।
প্রতিবেদক গাংনী