চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় মোহাম্মদজুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি হাসমত আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিগত অপরাধ বা অপকর্মে জড়ায়, তার দায়ভার দল নেবে না। প্রয়োজনে তাদের বহিষ্কার করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে কিছু নেতা-কর্মী দলের নাম ব্যবহার করে জমি দখল, হাট-বাজার নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে- এগুলো কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সবাইকে এখনই সতর্ক হতে হবে।’
আন্দোলন ও নেতৃত্ব নিয়ে বার্তা দিয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘দল যাকে নমিনেশন দেবে, তাকে নিয়েই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের ভেতরে বিভাজন বা দলীয়করণ আমরা মেনে নেব না। আমরা শহীদ জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলনে যুক্ত।’ তিনি আরও স্মরণ করিয়ে দেন, ৫ আগস্টই একসময় খুনি ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হয়েছিল, তখন তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন। আজ সেই সময় আবার ফিরিয়ে আনার লড়াই চলছে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফারিদুল ইসলাম শিপলু, শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকারম হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, সহসভাপতি ইকরামুল হক, আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আ.স.ম. আকবর রউফ, মহিলা দলের সভাপতি রউফন নাহার রীনা, জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদরেল সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সাবেক উপজেলা বিএনপির নেতা এম শাহজাহান মুকুল, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতা-কর্মী। সমাবেশটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
প্রতিবেদক সরোজগঞ্জ