রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ‘জুলাইয়ের মায়েরা’ অভিভাবক সমাবেশ

জুলাই যোদ্ধাদের সন্তানের বাবা-মায়ের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার
  • আপলোড তারিখঃ ০৩-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ‘জুলাইয়ের মায়েরা’ অভিভাবক সমাবেশ

জুলাই পুনর্জাগরণ উদ্যাপনের অংশ হিসেবে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শন, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা খন্দকার নুসরাত জাহান করবীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে প্রামাণ্যচিত্র ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। চুয়াডাঙ্গা জেলা তথা দেশের জুলাই যোদ্ধাদের তথ্যচিত্র উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। এরপর অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা। আলোচনায় চুয়াডাঙ্গার ‘জুলাই যোদ্ধাদের’ মা ও বাবা তাদের সন্তানদের সাহসিকতা ও অবদান তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘জুলাই যোদ্ধাদের মায়েদের অবদান অনস্বীকার্য। তারাই সন্তানদের সাহস দিয়েছেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এই অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। যে ঝড় জুলাই থেকে শুরু হয়েছিল, সেটি অগাস্টেও প্রবাহিত হয়েছে। আর এই সাহস জুগিয়েছে তাদের মা-বাবারা। সরকারের পক্ষ থেকে আমরা এই বাবা-মায়ের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছি।’

সমাবেশে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সাংবাদিক শাহ আলম সনি, ছাত্র প্রতিনিধি আসলাম হোসেন। জুলাই যোদ্ধাদের মধ্য থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার সিরাজাম মুনিরার মা, আলমডাঙ্গার মিরাজ, আলী হামজা এবং শহিদ পরিবার থেকে ডিঙ্গেদহের শংকরচন্দ্র গ্রামের শহিদ শাহরিয়ার শুভর বাবা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের (ভারপ্রাপ্ত) উপপরিচালক শারমীন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ ও এ এস এম আব্দুর রউফ শিবলু, জেলা তথ্য অফিসার শিল্পি মণ্ডল, জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপপরিচালক মাকসুরা জান্নাতসহ জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য ও শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ।

 


এদিকে, ঝিনাইদহে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ইতিহাস শুধু মিছিল আর পতাকা তুলে ধরেই লেখা হয় না, লেখা হয় যারা ছায়ায় থেকে ছায়া সরায়, তাদের হাত ধরেও। জুলাই বিপ্লবের মেয়েরা সেই ছায়া সরিয়ে আলো এবং জাতির জন্য নতুন ভোর এনেছিল। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, সাইফুর রহমান, সহকারী কমিশনার মেহেদী হাসান, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, শহিদ রাকিবের পিতা আবু বকর, মা হাফিজা খাতুন, শহিদ সাব্বিরের মা রশিদা খাতুন, বোন রাফা রহমান, আহত জান্নাতুলের মা রিজিয়া খাতুন, জুলাই যোদ্ধা রিহান হোসেন রায়হান ও শারমিন সুলতানা প্রমুখ। 

অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, একটা বিপ্লব শুধু পুরুষ নেতৃত্বে নয়, নারী-পুরুষের সম্মিলিত আত্মত্যাগ ও একাত্মতায় সফল হয়। আমরা যদি সত্যিকারের সমাজ পরিবর্তন করতে চাই, তবে শুধু পুরুষ নয়, নারীদের নেতৃত্ব, অবদান ও ত্যাগকে সমানভাবে মর্যাদা দিতে হবে। তাই জুলাইয়ের মেয়েরা ইতিহাসের পেছনের পাতায় নয়, সামনে থাকার যোগ্য।

সমাবেশের শুরুতে ফুল দিয়ে জুলাই শহিদ পরিবার ও আহতদের শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে ‘রেড জুলাই’ শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অভিভাবক সমাবেশে জুলাই শহিদদের মায়েরা তাদের সন্তানদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এ সময় অনুষ্ঠানে আসা অতিথিদের কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে ওঠে।

দুপুরে ‘২৩ জুলাই রেমিটেন্স যোদ্ধা’ দিবস পালন ও তাদের অবদান নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহের সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ঝিনাইদহ জেলা শ্রম ও জনশক্তি কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক সামিউল ইসলাম, টিটিসির অধ্যক্ষ রুস্তম আলী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল প্রমুখ বক্তব্য রাখেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত