চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, জীবননগরে উথলী ও হরিণাকুণ্ডুতে কৃতী শিক্ষার্থীদের নগদ অর্থ, সদন ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার পৃথকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, বেসরকারি সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এক অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয়। জেলা শিক্ষা অফিস ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (ঝঊউচ)-এর আওতায় এ আয়োজন করা হয়।
পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং এইচএসসি উত্তীর্ণদের ২৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। ২০২২ ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত সদর উপজেলার ২০ জন এবং এইচএসসি পরীক্ষায় ১৫ জন- মোট ৩৫ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা (অ.দা.) দিল আরা চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘প্রত্যন্ত অঞ্চল থেকেও শিক্ষার্থীরা অসাধারণ ফল করছে। এই মেধাবীরা আমাদের ভবিষ্যৎ। আমি তাদের মঙ্গল কামনা করি। মানবিকতা যেন তাদের জীবনের মূল ভিত্তি হয়।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ। এতে আরও বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) জিয়াউল হক এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিষ মোমতাজ, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নাঈম, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার আশরাফুল কবীর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিরা।
আলমডাঙ্গা:
দি অপটিমিস্টস আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কলারশিপ দি অপটিমিস্টস প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারে সভায় সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডাইরেক্টর শওকত আহমেদ। তিনি বলেন, ‘আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি বছর বিভিন্ন স্কুলের গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করে থাকি। যদি মাধ্যমিক পর্যায়ের হয়, তাহলে ওই শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি পর্যন্ত লেখাপড়ার খরচ যা লাগে আমরা প্রদান করে থাকি। সেবামূলক এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা আলমডাঙ্গার কৃতী সন্তান আমেরিকা প্রবাসি প্রকৌশলী আব্দুর রাজ্জাক বেশ কয়েকজন। তাদের এই মহতি উদ্যোগ শুধু আলমডাঙ্গায় সীমাবদ্ধ নয়, বাংলাদেশের কয়েকটি জেলায় গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান কার্যক্রম চলছে। আলোচনা সভা শেষে ১৭ জন গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রত্যেককে ১২ হাজার করে ২ লক্ষ্য ৪ হাজার টাকা স্কলারশিপ দি অপটিমিস্টস প্রদান করা হয়।
উথলী:
জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল কাদের মুক্তর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উথলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন জাহিদ, উথলী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ ও জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান।
অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান ও সহকারী শিক্ষক সাইফুল ইসলাম। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ প্রাপ্ত ৬ জন শিক্ষার্থীকে সংবধনা প্রদান করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মচারীবৃন্দ ও দশম শ্রেণির ছাত্রীদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকিবুল ইসলাম কলম।
হরিণাকুণ্ডু:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সরকারের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বি.এম. তারিক-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন সরকারি শাহ কলেজের অধ্যক্ষ মো. শরিফুজ্জামান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহা. আব্দুল বারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফকর রহমান।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস। এই প্রকল্পের আওতায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে অনুদান ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়নে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্যের জন্য অনুপ্রাণিত করেন। উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সমীকরণ প্রতিবেদন