আলমডাঙ্গা ও দামুড়হুদা উপজেলায় ইউনিয়ন বিএনপির দুই শীর্ষ নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে। গতকাল সোমবার একদিনেই চলে গেলেন গাংনী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান ইসরাইল শেখ (৫৪) এবং দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম (৬০)। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাদের নিজ নিজ এলাকার রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
দুই নেতার জানাজা ও দাফনে অংশ নিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘ইসরাইল শেখ ও আব্দুর রহিম ছিলেন দলের নিবেদিত প্রাণ। তারা দলের দুঃসময়ে রাজপথে ছিলেন, দলের ভাবমূর্তি রক্ষায় ছিলেন নির্ভীক। ইসরাইল শেখ ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনকালে যেভাবে জনগণের পাশে থেকেছেন, তেমনি আব্দুর রহিম দীর্ঘদিন ইউনিয়ন বিএনপির নেতৃত্ব দিয়ে এলাকার মানুষের আস্থা অর্জন করেছিলেন। তাদের অভাব সহজে পূরণ হওয়ার নয়।’
তিনি আরও বলেন, ‘মানুষ মাত্রই ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। তাই প্রয়াত এই দুই নেতার জীবনের ছোটখাটো ত্রুটিগুলো আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবো। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছিÑআপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের গুনাহ মাফ করে জান্নাত নসিব করেন।’ বক্তব্যের একপর্যায়ে তিনি দুই পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, ‘বিএনপি পরিবার আপনাদের পাশে আছে। প্রয়োজনে আমরা আপনাদের সহায়তায় এগিয়ে আসবো।’
ইসরাইল শেখ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল ৮টায় ইন্তেকাল করেন। তিনি গাংনী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। বাদ আসর ফুলবাগদী গ্রামে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই দিনে বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় নেওয়ার পথে মুন্সিগঞ্জে পৌঁছালে মারা যান দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাত ১১টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
দুই নেতার জানাজায় আরও অংশ নেন জেলা কৃষক দলের সদস্যসচিব তোবারক হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল আলম জোয়ার্দ্দার বিলু, সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, আব্দুল সালাম বিপ্লব, সেলিম রেজা, আইনাল হোসেন, আশাবুল, হামিদুর রহমান, আশরাফ মেম্বার, কুদ্দুস মহলদার, মাওলানা ইদ্রিসুর রহমান, ইমরান হোসেন, হাসান আলী, সবুজ আলীসহ শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমীকরণ প্রতিবেদন