অগ্রণী ব্যাংক পিএলসির চুয়াডাঙ্গা অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার অন্তর্ভুক্ত এ অঞ্চলের ২০২৫ সালের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে গতকাল শনিবার বিকেলে ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোছা. নূরুন্নাহার পরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. ইখতিয়ার উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপমহাব্যবস্থাপক সমর কুমার রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার জামাল উদ্দিন। পবিত্র কোরআন তিলাওয়াত করেন মো. ইমাদ উদ্দিন, (অগ্রণী ব্যাংক ইসলামী ব্যাংকিং উইন্ডো)।
সম্মেলনে চুয়াডাঙ্গা অঞ্চলের ১৬টি শাখা ও একটি ইসলামী ব্যাংকিং উইন্ডোর ব্যবস্থাপকরা নিজ নিজ শাখার সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন। এ অঞ্চলের ৭টি শাখা শ্রেণিভুক্ত ঋণমুক্ত (সিএল) হওয়ায় প্রধান অতিথি সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপককে অভিনন্দন জানান এবং অন্য শাখা ব্যবস্থাপককে একই লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে ব্যাংক কর্মকর্তারা বলেন, সেবা উন্নয়ন, ঝুঁকিমুক্ত ঋণ ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবার মান বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চুয়াডাঙ্গা অঞ্চলে ব্যাংকিং কার্যক্রম গতিশীল করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান কর্মকর্তারা।
সমীকরণ প্রতিবেদন