ফরিদপুর সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরের করিমপুর এলাকায় রয়েল পরিবহনের সঙ্গে আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, সকালে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরের করিমপুর এলাকার হোসেন ফিলিং ষ্টেশনের সামনে চুয়াডাঙ্গা থেকে রওনা হওয়া ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সাথে বিপরিত দিক থেকে আসা মাগুরাগামী রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি বাসের সামনের পুরো অংশটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিক এন্টাপ্রাইজের চালকসহ তিনজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় দুটি বাসের কমপক্ষে ২৫ জন যাত্রী।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত চিকিৎসার জন্য পাঠায়। পরে উদ্ধার কাজে অংশ নেয় কোতয়ালী থানার পুলিশের দুটি টিম।
দুর্ঘটনায় নিহতেরা হলেন রিক এন্টারপ্রাইজ বাসের চালক গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার বাটিকামারি গ্রামের আজিজুল হক (৬২), বাসযাত্রী ফরিদপুর সদরের টেপাখোলা এলাকার আব্দুল মান্নান মোল্যা (৭৮) ও ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মিনতি রানী (৪৫)।
বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন হাসান (২৬), কামরুল (৩০), সাবু (৩৫), আক্তার (৫২), শফিকুল (৪৮). মিলন (৩০), তন্বি (৩৮), সুব্রত (৪০), রাজিব (২৮), মো. হাসান (৩০), ইয়াকুব (৫০), আমজাদ (৪২), কালাম (৫০), মিঠু (৩০), মিলন খন্দকার (৪০), মিনারা বেগম (২৫), কলিমউদ্দিন (৪৫), নারায়ন চন্দ্র (৪৫) ও অজ্ঞাত ৭ জন। দুর্ঘটনার পর ফরিদপুর পুলিশ সুপার মো. আব্দুল জলিলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান।
ফরিদপুর হাইওয়ে (মাদারীপুর অঞ্চল) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান, লোকাল বাসটির অতিরিক্ত গতির কারণে এবং একটি পিকআপকে সাইড দিতে গিয়ে রয়েল পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। নিহতদের দেহ পরিবারের কাছে হস্তান্তর এবং এ ব্যাপারে পরবর্তী মামলাসহ আইনগত বিষয়টি খতিয়া দেখা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক