রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জেন-জি জেনারেশনের কাছে আমরা ঋণী: আইনমন্ত্রী আসাদুজ্জামান

ঢাকায় চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও বৃত্তিপ্রদান

প্রত্যেকের মধ্যেই আলাদা সামর্থ্য ও শক্তি রয়েছে; কেউই অকেজো নয়: সাহিদুজ্জামান টরিক
  • আপলোড তারিখঃ ২২-১১-২০২৬ ইং
ঢাকায় চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও বৃত্তিপ্রদান


চুয়াডাঙ্গাকে সঙ্গে নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই: শরীফুজ্জামান শরীফ


আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “পৃথিবীর নিকৃষ্টতম স্বৈরাচার হিসেবে এরশাদকে আমরা আখ্যায়িত করেছিলাম। কিন্তু আমরা বুঝতে পারিনি ২০০৯ থেকে ২০২৪-এর ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশের মাটিতে পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্ট তৈরি হবে। এই ষোলো বছর গণতন্ত্র, ভোটাধিকার, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও-এর সংগ্রাম করতে গিয়ে আমাদের মাঝে প্রায় সাড়ে চার হাজারের মতো সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছিল। যার নাম দেওয়া হয়েছিল ক্রসফায়ার। সাতশর বেশি সহযোদ্ধা হয়েছিলেন গুমের শিকার। এমন দুঃসময় থেকে এই দেশকে, জাতিকে ও আমাদেরকে উদ্ধার করতে আপনাদের জেন-জি জেনারেশন যে ভূমিকা নিয়েছে, তার জন্য আমরা আপনাদের কাছে ঋণী।”


গতকাল শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের মিলনমেলা ও বৃত্তি প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার ৬৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ২১৩ জনের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আসাদুজ্জামান আরও বলেন, “এতগুলো হত্যা করেছে, ইতিহাসের জঘন্যতম অধ্যায় যারা রচনা করেছে, যাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনাবোধ নেই, তারা গোপালগঞ্জে কী তাণ্ডব চালিয়েছে! নড়াইলে আমাদের ২ সহযোদ্ধাকে হত্যা করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের গণতন্ত্রের পথ ধরে, আইনের শাসনের পথ ধরে আমরা এগোবো। যারা এই ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত, আমরা আইনের পথ ধরেই তাদের মোকাবিলা করব।”


তিনি বলেন, “আপনারা যারা চুয়াডাঙ্গার মেধাবী সন্তান, আপনারা স্বপ্ন দেখেন। চুয়াডাঙ্গার যারা সূর্য সন্তান ছিলেন, কীভাবে তাদের অনুসরণ করা যায়। যাদের ত্যাগে, মহিমায়, শ্রমে, মেধা-গুণে মানুষ চুয়াডাঙ্গাকে কুর্নিশ করে, আমরা তাদেরকে অনুসরণ করব। যারা আজকে বৃত্তি পাচ্ছেন, সবাইকে অভিনন্দন।”


চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নোবেল ইসলাম সূর্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শাহেদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ও বাংলাদেশ বিজনেস চেম্বারের প্রেসিডেন্ট সিআইপি মো. সাহিদুজ্জামান টরিক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোম্যাক্স টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. অহিদুজ্জামান, ন্যাচারাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কে নূর-ই-শহীদ রানা, বঙ্গজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুল হক মিথুন, আর্থমুভিং গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মুজিবুল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেমায়েত উল্লাহ, বগুড়া জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সিভিল জজ এম এ আজহারুল ইসলাম, রয়েল এক্সপ্রেসের পরিচালক ও রয়েল ফিলিং স্টেশনের এমডি মো. সামসুর রশীদ দীপু এবং চুয়াডাঙ্গা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মারুফ সরোয়ার বাবু।


এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল মান্নান, একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. নাজমুল হক (মিন্টু), কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা সামাদুল হাসান শান্ত, জাতীয় জাদুঘর অফিসার সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ শুভ, রিয়া টেক্সটাইল লিমিটেডের পরিচালক খন্দকার রিজন হোসেন, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল প্রমুখ।


অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে ছিল ‘আইডিয়াজ হাব সেন্টার’। ১০২ জনকে বৃত্তির ব্যবস্থা করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। 


অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, সাহেদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহিদুজ্জামান টরিক বলেন, “ভালো কোনো কাজ করতে গেলে অনেক সময় নানা প্রতিবন্ধকতা ও সংশয় সামনে আসে। ‘টাকা কোথায় পাবেন’Ñএমন চিন্তা মানুষকে পেছনের দিকে টানে। কিন্তু সফলতা তারাই অর্জন করে, যারা এই সংশয় ও বাধা জয় করতে পারে।



সাহিদুজ্জামান টরিক আরও বলেন, ঢাকায় অবস্থানরত আমাদের ছোটদের বছরে অন্তত একবার একত্রিত করা আমাদের দায়িত্ব ও অঙ্গীকার। জীবনে এমন কিছু মানুষকে পেয়েছি, যাঁদের কাছ থেকে আমি সবসময় সাহস ও প্রেরণা পাই। আজকের এই আয়োজনে বৃত্তির প্রসঙ্গ এলে শরীফকে বলেছিলামÑবৃত্তি দিতে হবে। ২০০ জনের লক্ষ্যমাত্রার মধ্যে তিনি ১০২ জন শিক্ষার্থীর বৃত্তির ব্যবস্থা করেছেন। পাশাপাশি রয়েল এক্সপ্রেস ৩০ জনকে বৃত্তি দিয়েছে। সব মিলিয়ে প্রায় ২১০ জনের বেশি শিক্ষার্থী এই বৃত্তির আওতায় আসবে। আমরা যদি আজ সাহস করে এগিয়ে না আসি, তবে আগামী দিনে যোগ্য উত্তরসূরি পাব না। আজ আমার দুই ছেলেÑসেজাদ ও সেজানও এখানে উপস্থিত আছে। নিজের ঘর থেকেই উত্তরসূরি তৈরি করতে হবে।”
সাহিদুজ্জামান টরিক বলেন, “আজ যারা বৃত্তি পাচ্ছো কিংবা পাচ্ছো নাÑসবার প্রতি আমার একটি অনুরোধ, সংযোগ ও সম্পর্ক গড়ে তোলো। কানেক্টিভিটিই বড় শক্তি; যার যোগাযোগ যত বেশি, তার শক্তি ও সুযোগও তত বেশি। শুধু পড়াশোনা করলেই চলবে না, নিজেকে বুঝতে হবে। প্রত্যেকের মধ্যেই আলাদা সামর্থ্য ও শক্তি রয়েছে; কেউই অকেজো নয়। নিজের ভেতরে কী আছে, তা খুঁজে বের করতে হবে এবং নিজেকে আবিষ্কার করতে হবে। নিজের সক্ষমতা নিজে না জানলে এগোনো কঠিন। তাই ভেতর থেকে আত্মবিশ্বাস তৈরি করতে হবে।”


চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ বলেন, “আমাদের চুয়াডাঙ্গার শিক্ষার্থী যারা ঢাকাতে অধ্যয়নরত আছে, আজকে তাদের সবাইকে একত্রিত করতে পেরেছি, যাতে তারা নিজেদের সুবিধা-অসুবিধার প্রতি খেয়াল রাখতে পারে এবং ঐক্যবদ্ধ হয়ে একে অপরের সমস্যার সমাধানে চেষ্টা করে। আমার মনে হয় নতুন করে উদ্যোগ নিয়ে আমরা সফল হয়েছি।”


তিনি আরও বলেন, “উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু ব্যক্তিকেন্দ্রিক হয়ে শুধু নিজের কথা ভাবলেই হবে না। আমরা চুয়াডাঙ্গার মানুষ, আমাদের চুয়াডাঙ্গার কথা ও চুয়াডাঙ্গার মানুষের কথাও ভাবতে হবে। চুয়াডাঙ্গার মানুষ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় পদায়ন আছে। আমরা সবাই সম্মিলিতভাবে সমন্বয় না করতে পারলে আমাদের চুয়াডাঙ্গার উন্নয়ন হবে না।”


মো. শরীফুজ্জামান শরীফ বলেন, “সবার মনের ভেতর উদ্যোগ নিতে হবে যে চুয়াডাঙ্গা ও চুয়াডাঙ্গার মানুষের জন্য আমরা কাজ করব। চুয়াডাঙ্গা জেলা পরিষদের থেকে এবছর থেকেই আমরা মেধার ভিত্তিতে সাতশো শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছি। শিক্ষা ও চিকিৎসার সাহায্যের জন্য আসা আমার সাধ্যের ভেতর সবাইকে আমি সাহায্য করার চেষ্টা করি।”


সবার প্রতি আহ্বান জানিয়ে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, “আজকে যারা আমাদের সামনে বসে আছেন, তারা ভবিষ্যতে বাংলাদেশের বড় বড় জায়গায় থাকবেন। আমরা যেখানেই থাকি, সবার আগে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গাকে সঙ্গে নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আগামী দিনে আমরা আরও ঐক্যবদ্ধ হবো, যত বড় সমস্যাই আসুক না কেন, এক সঙ্গে মোকাবিলা করব।”


আর্থমুভিং গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মুজিবুল হক বলেন, “নিজের কর্মজীবন গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে জরুরি হলো আমাদের লক্ষ্য নির্ধারণ করা। এই জিনিসটা সবাইকে নিজ নিজ জায়গা থেকে চিন্তা করতে হবে যে আমাদের কী করা উচিত, আমাদের কর্মজীবন সুন্দর করে গড়ে তোলার জন্য। লক্ষ্য নির্ধারণের মাধ্যমেই আমরা বুঝতে পারব আমাদের কী করা উচিত।”


তিনি আরও বলেন, “আমরা সবাই যেহেতু চুয়াডাঙ্গার মানুষ, আমরা যেন চেষ্টা করি আমাদের জেলার নাম উজ্জ্বল করার জন্য। আমরা যদি পরিশ্রমী হতে পারি, আমরা যে সেক্টরেই থাকি না কেন, কর্মজীবনে অনেক উপরে যাওয়া সম্ভব।”



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কোডিন ফসফেট উইসেরক্স নামীয় সিরাপ উদ্ধার, গ্রেফতার ১