চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে দুটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মেদিনীপুর বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, জীবননগরের গয়েশপুর কাদাবাগান এলাকায় অভিযান চলাকালে একটি মোটরসাইকেলকে থামতে বললে চালক সেটি ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচ থেকে ২৩২ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৮ টাকা। মোটরসাইকেলসহ সিজারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩২ লাখ ৮৬ হাজার ৭০৮ টাকা। আটক স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সমীকরণ প্রতিবেদন