চট্টগ্রাম থেকে অপহৃত এক ট্রাকচালককে দীর্ঘ এক মাস পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রাম থেকে হাতকড়া অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। ভুক্তভোগী আলমগীর হোসেন (৩১) চট্টগ্রাম জেলার বুজপুর থানার কাঞ্চনা গ্রামের ইউসুফ আলীর ছেলে। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়।
জানা গেছে, গত ১৭ মে চট্টগ্রামে ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে অপহরণকারীরা আলমগীরকে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে অপহরণ করে। পরবর্তীতে বিভিন্ন স্থানে আটকে রেখে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণ না পেয়ে তাকে দামুড়হুদার পুরাতন বাস্তুপুর গ্রামে এনে একটি ঘরে আটকে রাখা হয়। গত ২৫ জুন সন্ধ্যায় ঘরে কেউ না থাকায় সুযোগ বুঝে আলমগীর বের হয়ে মূল সড়কে উঠলে স্থানীয়রা তাকে হাতকড়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশে সোপর্দ করে। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিবারের কেউ থানায় না আসায় পুলিশ তাকে হেফাজতে রাখে। হাতকরা অবস্থায় উদ্ধারের বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে রহস্য ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে, পুলিশ পুরাতন বাস্তুপুর এলাকা থেকে আরও দুইজন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় এবং তাদেরকে পরবর্তীতে ছেড়ে দেয়া হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের সদস্যরা থানায় আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক দামুড়হুদা