দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নতুন কমিটির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রেসক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইকরামুল হক পিপুল এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন। পাশাপাশি সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়াল হোসেন এবং সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। গতকাল মঙ্গলবার দর্শনা প্রেসক্লাবের সাধারণ সভায় সকল সদস্যের সম্মতিক্রমে সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরুকে প্রধান করে একটি জুরি বোর্ড গঠন করা হয়। বোর্ডে সদস্য হিসেবে ছিলেন সাবেক সভাপতি হানিফ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলী, সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াসিম রয়েল।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক বছর দর্শনা প্রেসক্লাবের নেতৃত্বে থাকবেন ইকরামুল হক পিপুল ও মনিরুজ্জামান সুমন। পরবর্তী এক বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন আওয়াল হোসেন ও মাসুম বিল্লাহ। অন্যদিকে, ইকরামুল হক পিপুল ও মনিরুজ্জামান সুমন আপাতত সাংবাদিক সমিতির দায়িত্বও পালন করবেন। নির্বাচন শেষে প্রেসক্লাবের সকল সদস্য নির্বাচন কমিটিকে ধন্যবাদ জানান। তবে বিগত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত বর্তমান দায়িত্বপ্রাপ্তরা দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। নির্বাচন কমিটির প্রধান মনিরুজ্জামান ধীরু জানান, আগামী বৃহস্পতিবার দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
দর্শনা অফিস