মেহেরপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও বেগবান করতে একযোগে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রাম আদালত প্রকল্পের ম্যানেজার আসাদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, পুলিশ ইন্সপেক্টর বজলুর রহমান, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মো. মোশাররফ হোসেন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত কার্যক্রমের সফল বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ দরকার। এ ধরনের সভা গ্রাম আদালতের কার্যকারিতা বাড়াতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তারা।
প্রতিবেদক মেহেরপুর