ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও বাংলাদেশি নাগরিকদের পুশইনের মাধ্যমে সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগের মুখে পড়েছে। গতকাল মঙ্গলবার ভোরে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন বাংলাদেশিকে জোরপূর্বক দেশে পাঠিয়ে দেয় বিএসএফ।
বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নাজমুল হাসান। তিনি জানান, বিজিবি সদস্যরা মঙ্গলবার ভোরে সোনাপুর মাঝপাড়া সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ১২ জন বাংলাদেশিকে আটক করে আনন্দবাস ক্যাম্পে নিয়ে যায়। তাদের মধ্যে কয়েকজন নারী ও শিশুও রয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। হরিয়ানা রাজ্যের বিভিন্ন এলাকায় নির্মাণ, কৃষিকাজ ও হোটেল সেক্টরে শ্রমিক হিসেবে কাজ করতেন তারা। স্থানীয় সূত্র জানায়, এক সপ্তাহ আগে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে এবং বহরমপুরের একটি কারাগারে পাঠায়। সেখান থেকে বিএসএফ তাদের সীমান্তে নিয়ে এসে বাংলাদেশে ঠেলে দেয়। পুশইন হওয়া ব্যক্তিদের বেশিরভাগের বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে ধারণা করা হচ্ছে। তাদের সবার পরিচয় যাচাই-বাছাই চলছে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, বিজিবি কর্তৃক হস্তান্তরের পর ১২ জনকে থানায় নেওয়া হয়েছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মুজিবনগর অফিস