জীবননগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উঠান বৈঠক ও ভিজিডি (ভিডাব্লু) কার্ডধারী নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের সামনে বকুলতলা চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে মেয়াদোত্তীর্ণ হওয়া ভিজিডি (ভিডাব্লু) কার্ডধারীদের জন্য পুনরায় চাল বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও বিজয়ের মধ্যদিয়ে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসন ক্ষমতায় আসে। এরপর গরিব, দুখী, অসহায় ও ভুক্তভোগী নারী কার্ডধারীদের জন্য ভিজিডি-ভিডাব্লু চাল বিতরণের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় প্রত্যেক কার্ডধারী নারীর মাঝে একসঙ্গে ৫ মাসের বরাদ্দ হিসেবে ৩০ কেজি করে মোট ৫ বস্তা চাল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, উপজেলা খাদ্য পরিদর্শক ও ট্যাগ অফিসার আব্দুল হালিম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাব সভাপতি জাহিদুল ইসলাম মামুন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফিরোজ রশিদ, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার নুর ইসলাম খোকা, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ আতিয়ার রহমান, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ শহিদুল ইসলাম কাস্টম, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার আছিয়া খাতুনসহ সকল ভিজিডি কার্ডধারী নারী।
চাল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তপন কুমার, দফাদার বাবর আলী ওরফে বরকত এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া