রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেনারেল হাসপাতাল ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

চিকিৎসক সংকট, অব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতায় অসন্তোষ
  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০২৫ ইং
মেহেরপুর জেনারেল হাসপাতাল ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার সকালে হাসপাতাল ঘুরে দেখেন তিনি। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক সঙ্কট, জনবল সঙ্কট রয়েছে। একই চিত্র সারা দেশেই বিদ্যমান। এই দীর্ঘ অবহেলার অবস্থায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যাতে স্থানীয়রা ভালো চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে আমি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। ইনশাল্লাহ, সকলকে সাথে নিয়ে কাজ করব।’ তিনি আরও বলেন, ‘আমি চাই অন্ততপক্ষে হাসপাতালের পরিবেশ সুন্দর থাক। কারণ দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তার স্বজনরা প্রত্যাশিত চিকিৎসা না পেলে, কিংবা পরিবেশ ভালো না থাকলে, সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বে।’


পরিদর্শনকালে তিনি হাসপাতালের বহিঃর্বিভাগ, জরুরি বিভাগ, ওয়ার্ডসমূহ, ওষুধ বিতরণ কেন্দ্রসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের সেবার অভিজ্ঞতা শোনেন এবং চিকিৎসকদের কাছ থেকে হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। তিনি রোগী ও স্বজনদের অবহেলার বিষয়েও অবগত হন এবং আশ্বস্ত করেন যে, মেহেরপুর সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


হাসপাতালের পরিচ্ছন্নতা বিষয়ে মনির হায়দার বলেন, ‘সরকারের লক্ষ্য হলো প্রতিটি মানুষ যেন স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা পায়। এই পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের সেবার মান উন্নয়নের প্রয়োজনীয় দিকগুলো চিহ্নিত করা হচ্ছে। হাসপাতালের পরিবেশ সুন্দর রাখতে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। সুইপারদেরকে যেন দিনে অন্তত একবার আবর্জনা ফেলতে বলা হয়, সেই বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এখানে মাত্র দুইজন সুইপার কাজ করছেন। এত বড় হাসপাতাল পরিষ্কার রাখা তাদের পক্ষে সম্ভব নয়। আমি জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করেছি, এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ কীভাবে সমন্বিতভাবে পরিচালনা করা যায়, সে উদ্যোগ নেওয়ার জন্য।’


এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার ফিরোজ আহমেদ, মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা খানম, সিভিল সার্জন এ কে এম আবু সাঈদ এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহরিয়া শায়লা জাহান। পরিদর্শনকালে মনির হায়দার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, ‘এই হাসপাতালের অব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে আমি যথাযথ দপ্তরের সঙ্গে আলোচনা করব। যেন অল্প সময়ের মধ্যেই রোগীরা প্রত্যাশিত চিকিৎসা ও পরিবেশ পান।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত