চুয়াডাঙ্গার সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস মাহজেবিন (চন্দনা) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার বিকেলে পাঁচটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত মাহজেবিন চন্দনা চুয়াডাঙ্গা পৌর শহরের গুলশানপাড়ার বাসিন্দা ও চুয়াডাঙ্গা জেলা স্যানেটারি ইন্সপেক্টর ফারুক হোসেনের স্ত্রী। মাহজেবিন চন্দনা দামুড়হুদার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মৃত মহিউদ্দীন ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুপরিচিত শিক্ষক তোতা আপার মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষিকা মিসেস মাহজেবিন চন্দনা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। পায়ের একটি অস্ত্রোপচারসহ তিনি হাইফে আক্রান্ত হয়েছিলেন। এ মাসেই চুয়াডাঙ্গা বর্ডার গার্ড হাসপাতালে তার পায়ের অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। কিন্তু অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে পাঁচটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বড় ছেলে তুর্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছোট ছেলে সাবা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
এদিকে, মৃত্যুর পর পরিবারের সদস্যরা গতকাল রাতে শিক্ষিকা মাহজেবিন চন্দনার মরদেহ নিয়ে ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা করেন। আজ শনিবার চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা জামে মসজিদে তার নামাজে জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁকে চিরনিন্দ্রায়ি শায়িত করা হবে। তার মৃত্যুতে সীমান্ত মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। চাকরিজীবনে মিসেস মাহজেবিন একজন গুণী শিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক