রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালনে ব্যাপক প্রস্তুতি

প্রতিটি ওয়ার্ডে দোয়া ও খাবার বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ

ঘরে ঘরে পৌঁছে দিতে হবে শহিদ জিয়ার আদর্শ ও আত্মত্যাগের বার্তা- শরীফুজ্জামান
  • আপলোড তারিখঃ ২৮-০৫-২০২৫ ইং
প্রতিটি ওয়ার্ডে দোয়া ও খাবার বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে সন্ধ্যা ৭টায় এবং আলমডাঙ্গা পৌর কার্যালয়ে বিকেল চারটায় পৃথক এ সভাগুলো অনুষ্ঠিত হয়। দুটি প্রস্তুতি সভাতেই প্রধান অতিথি থেকে নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এক অবিসংবাদিত নেতার নাম। তিনি শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নন, তিনি দেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করেছিলেন। তার শাহাদাতবার্ষিকীতে আমাদের দায়িত্ব শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তার আদর্শ ও ত্যাগকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা। এবারের কর্মসূচি হবে আমাদের দলের জন্য একটি পরীক্ষা। আমরা চাই, ৩০ মে আসরের পর চুয়াডাঙ্গা শহরের প্রতিটি গলিতে, প্রতিটি মোড়ে যেন শহিদ জিয়ার আত্মত্যাগকে স্মরণ করে দোয়া ও খাবার বিতরণ হয়-মানুষের মুখে মুখে যেন শহিদ জিয়ার নাম উঠে আসে।’


তিনি আরও বলেন, ‘ওয়ার্ডের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি এখনও সক্রিয় কি না, তা নিশ্চিত করতে হবে। আপনারা আজকের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, প্রায় ৯০% উপস্থিতি হয়েছে। এ জন্য আমি ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই।’


তিনি দলের নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ‘দলের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডের আয়োজনের জন্য যে- সব টাকা দল থেকে দেওয়া হয়েছে তা সঠিকভাবে ব্যবহৃত না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোথাও কোথাও অর্থ কম হতে পারে, তবে সেই ঘাটতি শহিদ জিয়ার প্রতি ভালোবাসা থেকেই পূরণ করতে হবে।’ তিনি নেতাদের দিকনির্দেশনা দিয়ে বলেন, ‘ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে দায়িত্ব পালন করবে। প্রতিটি এলাকায় তারা মনিটরিং করবে। কাল থেকেই প্রচারণা শুরু করতে হবে, যেন এলাকার মানুষ জানে কোথায় দোয়ার আয়োজন হবে।’



শরীফুজ্জামান আরও বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই শহিদ জিয়ার আদর্শ আজও আমাদের রাজনীতির প্রেরণা। তার আত্মত্যাগ ও দেশপ্রেম আমাদের রাজনৈতিক চেতনার অন্যতম ভিত্তি, আর সেটিই আমরা ৩০ মে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।’


চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু। সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, জেলা জাসাস সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হাজী, সদস্যসচিব মো. আজিজুর রহমান আজিজুলসহ পৌর বিএনপির প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।


অন্যদিকে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিণ্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল ছালাম বিপ্লবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


পৃথক প্রস্তুতি সভায় ঘোষণা করা হয়, আগামী ৩০ মে শহিদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অফিসে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন এবং অর্ধনমিত রাখতে হবে। পতাকার অবমাননা মেনে নেয়া হবে না। এরপর বাদ আছর চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার প্রতিটি ওয়ার্ডে দোয়া মহফিল ও সর্বসাধারণের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা পৌর এলাকার ৪৪টি পয়েন্টে একই দিন বাদ আছর খিচুড়ি বিতরণ ও দোয়ার আয়োজন করা হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত