দামুড়হুদায় পীরে কামেল হযরত একদিল শাহ-এর স্মরণে ১৩১তম স্মরণোৎসব ও ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর তালসারী ডিসি ইকোপার্ক সংলগ্ন এলাকায় অবস্থিত হযরত একদিল শাহের মাজার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওরশ মোবারকে ফকির মজনু শাহ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘পীর-আউলিয়ারা আমাদের সমাজে সত্য, ন্যায় ও মানবতার শিক্ষা দিয়েছেন। হযরত একদিল শাহ ছিলেন এমন একজন মহান সাধক, যিনি তাঁর আধ্যাত্মিক সাধনা ও মানবসেবার মাধ্যমে মানুষকে আলোর পথে পরিচালিত করেছেন। তাঁর জীবনী নতুন প্রজন্মের জন্য এক বিশাল শিক্ষার ভাণ্ডার। আজকের এই ওরশ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের আত্মিক উন্নয়ন ও সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠার এক অনন্য আয়োজন। আমরা রাজনীতি করি মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে, আর পীরদের দেখানো পথ আমাদের সেই দায়িত্ব পালনে অনুপ্রেরণা দেয়। বর্তমান সময়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া অত্যন্ত জরুরি। আমাদের রাজনৈতিক সংগ্রামের সঙ্গে এ ধরনের আধ্যাত্মিক অনুষ্ঠান আমাদের ভেতরকার শক্তিকে জাগ্রত করে। আমরা যেন হযরত একদিল শাহ-এর স্মৃতি ভুলে না যায়, তার দিয়ে যাওয়া শিক্ষার চর্চা যেন থেমে না থাকে। তাহলে এটাই হবে তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, উপজেলা বিএনপির সহসভাপতি সহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান এবং কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাগীর আলম টুটুল। এছাড়াও অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা, সদর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক