‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এ স্লোগানে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫। জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহায়তায় জেলা ও উপজেলায় বর্ণাঢ্য র্যালি, ফিতা কাটা, আলোচনা সভা, স্টল উদ্বোধনসহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে এ মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে ও ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহায়তায় ডিসি সাহিত্য মঞ্চে শুরু হয়েছে ভূমি মেলা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে ডিসি সাহিত্য মঞ্চে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপপরিচালক শারমিন আক্তার। প্রধান অতিথি ভূমি বিষয়ে জনগণকে সচেতন করে জমির সুরক্ষা নিশ্চিতে কর পরিশোধের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ইসরাফিল এবং সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ। সভায় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আশিস মোমতাজ। তিনি মেলার উদ্দেশ্য ও ভূমি-সেবা সংক্রান্ত তথ্য তুলে ধরেন। জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সেবাগ্রহীতারা মেলায় অংশ নেন। ভূমি উন্নয়ন কর পরিশোধ, মালিকানা সংক্রান্ত তথ্য ও ই-সেবাসহ নানা ধরনের স্টল বসেছে মেলায়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহায়তায় আলমডাঙ্গায় ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ৯টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এর আয়োজন করা হয়। এসময় একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ড. মাহবুব আলম, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা ও পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক দুলু, পৌর ভূমি সহকারী কর্মকর্তা রেজাউল হক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা মিজানুর রহমান, মিনারুল ইসলাম, ইসা খান, তোয়াক্কেল হোসেন, শাহাবুদ্দিন, খাইরুল ইসলাম, মোল্লা মতিয়ার রহমান, ইসমাঈল হোসেন, আমজাদ হোসেন, আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
মেহেরপুর:
আলোচনা সভা, র্যালি, ফিতা কাটা ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে মেহেরপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক সিফাত মেহনাজ ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক প্রধান অতিথি থেকে বক্তব্য দেন।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস্তামুল হক। মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে, যার নেতৃত্ব দেন ডিসি নিজেই।
মুজিবনগর:
মুজিবনগরে ভূমি অফিসের উদ্যোগে এবং মন্ত্রণালয়ের সহায়তায় গতকাল রোববার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ভূমি মেলার উদ্বোধন হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ মন্ডল। সভায় অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন, উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান ও হাজী ওমর ফারুক। মেলায় অনলাইন আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, দাখিলা প্রিন্ট, ই-নামজারি, খতিয়ান কপি, মৌজা ম্যাপসহ তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের জিজ্ঞাসার জবাব ও পরামর্শও দেয়া হচ্ছে।
ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উদ্বোধন অনুষ্ঠানের পর জেলা প্রশাসকের নেতৃত্বে র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান ও শিক্ষার্থীরা।
জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত মেলায় রয়েছে সেটেলমেন্ট অফিস, রেকর্ড রুম, রেজিস্ট্রি অফিস, ডিজিটাল সেন্টারসহ প্রায় সব সেবাদানকারী শাখার স্টল। সেখানে ভূমি সেবা, রেজিস্ট্রেশন, আবেদন আপলোড, কর প্রদান, ই-নামজারি, খতিয়ান সরবরাহসহ নানা সেবা প্রদান করা হচ্ছে। মেলা চলবে ২৭ মে পর্যন্ত। উল্লেখ্য, আয়োজকরা বলছেন, এই ভূমি মেলা ভূমি ব্যবস্থাপনাকে সহজ ও ডিজিটাল করার পাশাপাশি জনগণের মাঝে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদক