রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঈদুল আজহা উপলক্ষে আলমডাঙ্গা ও দামুড়হুদায় প্রস্তুতিমূলক সভা

শান্তিপূর্ণ উদ্যাপনে প্রশাসনের দিকনির্দেশনা
  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২৫ ইং
ঈদুল আজহা উপলক্ষে আলমডাঙ্গা ও দামুড়হুদায় প্রস্তুতিমূলক সভা

আসন্ন পবিত্র ঈদুল আজহা যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও পরিবেশসম্মতভাবে উদ্যাপন নিশ্চিত করতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও দামুড়হুদা উপজেলায় পৃথক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোতে কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনা, পশুর হাট নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণসহ সার্বিক আইন-শৃঙ্খলা ও ধর্মীয় পরিবেশ রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।


আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ইউএনও মেহেদী ইসলাম। সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, প্রাণিসম্পদ অফিসার ডা. মাহমুদুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার উদয় রহমান, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলী আজগর, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, শিক্ষা অফিসার শামীম রেজা, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জামায়াত নেতা প্রভাষক শফিউল আলম বকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি কামরুল হাসান কাজলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


সভায় ঈদগাহ পরিস্কার রাখা, ঝড়-বৃষ্টির আশঙ্কায় বিকল্প হিসেবে মসজিদে নামাজ আদায়ের প্রস্তুতি, অনুমোদনহীন পশুর হাট বন্ধ, জাল নোট প্রতিরোধ, সরকার নির্ধারিত খাজনা আদায় এবং পশু আমদানি ঠেকাতে সীমান্ত নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য অপসারণে পরিবেশসম্মত ব্যবস্থাপনার প্রতি সকলকে সচেতন হতে অনুরোধ জানানো হয়।



অন্যদিকে, দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসফিকুর রহমান, প্রাণিসম্পদ অফিসার লীলিমা আক্তার হ্যাপী, অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস, পুলিশ পরিদর্শক (অপারেশন) হিমেল রানা, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, জামায়াত নেতা নায়েব আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, যুবদলের সহসভাপতি আনিসুজ্জামান বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু প্রমুখ।


সভায় নামাজ আদায়ের নির্ধারিত সময় নিশ্চিতকরণ, ছোট জামাতের পরিবর্তে বড় জামাত আয়োজন, সুস্থ পশু কোরবানির প্রতি উৎসাহ, চামড়া সিন্ডিকেট প্রতিরোধ, বাজার মনিটরিং জোরদার, হাটে নিরাপত্তা ও পানীয় জলের ব্যবস্থা, বিজিবি টহল বৃদ্ধি এবং বর্জ্য ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করার সুপারিশ করা হয়। পাড়া-মহল্লায় পটকা ফোটানো, উচ্চ শব্দে গান বাজানো এবং ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানানো হয়। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত