দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে যৌন হয়রানি, ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও ধর্মীয় উগ্রবাদ, কিশোর গ্যাং, দুর্নীতি ও আত্মহত্যা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের এই জেলা একটি সীমান্তবর্তী জেলা, তাই মাদকের অবাধ বিচরণের সুযোগ রয়েছে। যুবসমাজ মাদক সংশ্লিষ্টার সাথে জড়িত বেশি। যুবসমাজকে খেলাধুলার মধ্যে রাখা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। মাদকের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি এর চাহিদা কমাতে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে জিও-এনজি সমন্বয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আপনার সন্তান মাদক সেবন করছে, এর দায় আপনি এড়াতে পারেন না। আমাদের সমাজে বাল্যবিয়ের প্রবণতা বেড়েই যাচ্ছে। আপনারা আপনাদের সন্তানকে বোঝা মনে করবেন না। ইভটিজার ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতন হতে হবে। এদের বিরুদ্ধে আমাদের সকলকে সচেতন হতে হবে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল প্রমুখ।
প্রতিবেদক কার্পাসডাঙ্গা