বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ দফা দাবি আদায়ে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন ওষুধ ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের শহিদ হাসান চত্বরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ওষুধের বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করা এবং সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বিসিডিএস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক ও ওষুধ ব্যবসায়ী মন্জুরুল আলম মালিক লার্জ, দামুড়হুদা উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সদস্য রতন খান, দর্শনা শাখার সভাপতি তরিকুল ইসলাম, সহসভাপতি ফজলুর রহমান, জীবননগর উপজেলা শাখার সভাপতি কাজী বদরুদ্দোজা, রেল বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক সামিউল অপু, হাসপাতাল রোডের ওষুধ ব্যবসায়ী মাহমুদ ও প্রীতম, বদরগঞ্জ বাজার ওষুধ ব্যবসায়ী সুজন মিয়া এবং আব্দুস সবুর। মানববন্ধন কর্মসূচির সার্বিক পরিচালনা করেন বিসিডিএস জেলা শাখার সিনিয়র সহসভাপতি আবু সাদিকুজ্জামান রঞ্জু।
এদিকে, ওষুধ বিক্রির কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মাসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করা এবং সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর হাসপাতাল গেটের সামনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুল লতিফের নেতৃত্বে মানববন্ধন অন্যদের মধ্যে সহসভাপতি রাকিবুল হাসান রন, মতিউর রহমান, আমিনুল ইসলাম সেণ্টু, বাবর আলী,কাজী খয়রুদ্দিন আহমেদ, আসিফ আল মোনায়েম, জালাল উদ্দিন সেলিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক